মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারি খাদ্যগুদামে দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাতটি নিরাপত্তা প্রহরীর পদের বিপরীতে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র দুইজন কর্মী। ফলে তারা ১২ ঘণ্টা করে দুই শিফটে দায়িত্ব পালন করছেন।
সরেজমিনে দেখা যায়, ফুলদী নদীর তীরঘেঁষে অবস্থিত রসুলপুর সরকারি খাদ্যগুদামে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার চিত্র স্পষ্ট। গুদামের প্রধান ফটক অতিক্রম করার পর চত্বরে কয়েকজন বহিরাগত নারী-পুরুষকে অবাধে প্রবেশ করে জামগাছের নিচে ঝরে পড়া জাম সংগ্রহ করতে দেখা যায়। এতে গুদাম এলাকায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে ঘাটতির বিষয়টি সামনে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, খাদ্যগুদাম কম্পাউন্ড প্রায়ই অরক্ষিত অবস্থায় থাকে। গুদামের বিভিন্ন স্থাপনায় স্থাপিত সিসিটিভি ক্যামেরাও সব সময় সচল থাকে না বলে তারা অভিযোগ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুদামটির নিরাপত্তা প্রহরীর অনুমোদিত সাতটি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র দুইজন। দীর্ঘদিন ধরে এই দুই কর্মী দিয়েই পুরো গুদামের নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে একজন নিরাপত্তাকর্মীকে নিরাপত্তার দায়িত্বের পাশাপাশি কার্যালয় প্রধানের দপ্তরে পিয়নের কাজও করতে হয়। এ ছাড়া গুদামের উপসহকারী খাদ্য কর্মকর্তা পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকেই প্রশাসনিক ও কারিগরি দায়িত্বসহ গুদামের সার্বিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। কয়েক বছর ধরে কম্পিউটার অপারেটরের পদও শূন্য রয়েছে। এতে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও তদারকিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
রসুলপুর খাদ্য গুদামের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, একজন মাত্র ঝাড়ুদার দিয়ে পুরো গুদামের খাদ্যশস্য সঠিক ভাবে পরিচ্ছন্ন রাখা কঠিন। নিয়ম অনুযায়ী সাতজন নিরাপত্তা প্রহরী শিফট ভিত্তিক দায়িত্ব পালনের কথা থাকলেও বর্তমানে মাত্র দুইজন কর্মী ১২ ঘণ্টা করে দুই শিফটে দায়িত্ব পালন করছেন। এভাবে একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
গজারিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাজোয়ার রহমান বলেন, আমাদের কার্যালয়ের উপখাদ্য পরিদর্শকের পদ বর্তমানে শূন্য রয়েছে। অপরদিকে একজন খাদ্য পরিদর্শক প্রেষণে রয়েছেন। সব মিলিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী আছেন মাত্র দুজন।
সংশ্লিষ্টদের মতে, সরকারি খাদ্য মজুত ও বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রসুলপুর খাদ্য গুদামে দ্রুত জনবল নিয়োগ ও শূন্য পদ পূরণ করা না হলে নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনায় আরও জটিলতা সৃষ্টি হতে পারে।