মুন্সীগঞ্জের সিরাজদীখানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বারিক ঢালী (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা গ্রামে মুন্সীগঞ্জ-ছনবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বারিক ঢালী উপজেলার চালতাতলা গ্রামের মৃত ফকির ঢালীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ থেকে ছনবাড়ীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বেপরোয়া ও দ্রুতগতিতে চলায় রাস্তা পার হওয়ার সময় বারিক ঢালীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকা নেওয়ার পথেই তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পিক্কি ঘোষ বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
দুর্ঘটনার পর ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।