প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
তীব্র গরমে স্বস্তির খোঁজে তালের শাঁস, গজারিয়ায় বিক্রিতে ব্যস্ত মৌসুমি ব্যবসায়ীরা.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজার, বাসস্ট্যান্ড ও সড়কের পাশজুড়ে বেড়েছে তালের শাঁস বিক্রি। তীব্র গরমে স্বস্তি পেতে পথচারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মৌসুমি এই ফল।
সরেজমিনে দেখা যায়, উপজেলার হাসপাতাল রোড, ভবেরচর ও জামালদী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ভ্যান গাড়িতে করে তালের শাঁস বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
স্থানীয়রা জানান, ভ্যাপসা গরম শুরু হওয়ার পর শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের কাছেই তালের শাঁসের কদর বেড়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এর চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। চাহিদা বাড়ায় গ্রামের বিভিন্ন এলাকা থেকে তাল সংগ্রহ করে বাজারজাত করছেন ব্যবসায়ীরা। ফলে গরমে মানুষ ফরমালিনমুক্ত এই মৌসুমি ফল খেয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন বলে জানান তারা।
রসুলপুর হাটে তালের শাঁস বিক্রেতা আনোয়ার মিয়া বলেন, হাটের দিন বিক্রি বেশি হয়। তিনি ও তাঁর বাবা মিলে তালের শাঁস বিক্রি করেন। প্রতিদিন গড়ে ৭০০ থেকে ১ হাজার টাকার বিক্রি হয়।
ভবেরচর বাসস্ট্যান্ডের বিক্রেতা আবুল হোসেন বলেন, গ্রামের তালগাছ থেকে তাল সংগ্রহ করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন তিনি। প্রতি পিস তাল ৮ থেকে ১০ টাকায় কিনে ১২ থেকে ১৫ টাকায় বিক্রি করেন। এতে প্রতিদিন ৭০০ থেকে ১ হাজার টাকার বিক্রি হয়।
ক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার তালের শাঁসের দাম কিছুটা বেড়েছে। তবুও সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হওয়ায় এর চাহিদা কমেনি। বিশেষ করে শ্রমজীবী মানুষের কাছে এর কদর বেশি।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আরাফাত বিন সিদ্দিন বলেন, এ অঞ্চলে বাণিজ্যিক ভাবে তালগাছের চাষ হয় না। সাধারণত বসতবাড়ি ও রাস্তার পাশে তালগাছ লাগানো হয়। লম্বা হওয়ার কারণে তালগাছ বজ্রপাত প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখে।
এবিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ মেডিকেল কর্মকর্তা খন্দকার আরশাদ কবির বলেন, গরমের দিনে তালের শাঁস শরীরের পানি শূন্যতা দূর করতে সহায়তা করে। এতে থাকা ক্যালসিয়াম, ভিটামিন সি, এ ও বি-কমপ্লেক্স শরীরের পুষ্টির ঘাটতি পূরণে ভূমিকা রাখে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
তিনি আরও বলেন, তালের শাঁস রক্ত স্বল্পতা কমাতে, দৃষ্টিশক্তি ও রুচি বৃদ্ধিতে সহায়ক। আঁশসমৃদ্ধ হওয়ায় এটি হজমের জন্যও উপকারী। তবে অপরিষ্কার পরিবেশে সংরক্ষণ বা খেলে ডায়রিয়ার ঝুঁকি থাকতে পারে বলে তিনি সতর্ক করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত