প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
সিরাজদীখানে জমি বিরোধে গৃহবধূকে শ্লীলতাহানি ও পরিবারের ওপর হামলার অভিযোগ
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা বেগম (১৮) সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গতকাল সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কবির হোসেন, পারভীন বেগম ও রুবিনা বেগমের সঙ্গে ফাতেমা বেগমের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ওই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে কবির হোসেন তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়।
পরে পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।
হামলার সময় কবির হোসেন দেশীয় দা দিয়ে ফাতেমার শ্বশুর সরব আলীকে আঘাতের চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে ফাতেমা বেগম, তার ননদ আকলিমা বেগমসহ কয়েকজন আহত হন।
তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে বলা হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা বেগম থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত কবির হোসেন বলেন, আমি কোনো অস্ত্র নিয়ে হামলা করিনি। জমি নিয়ে পারিবারিকভাবে কথা কাটাকাটি হয়েছে মাত্র।
এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত