প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
মুন্সীগঞ্জে আধুনিক কসাইখানার উদ্বোধন
নাজমুল হাসান শাওন
মুন্সীগঞ্জে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক স্লটার হাউস (কসাইখানা) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সিরহাট এলাকায় এ কসাইখানার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন মানু এবং মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুজ্জামান রতন বলেন, এই আধুনিক কসাইখানা শুধু কোরবানির সময় ব্যবহারের জন্য নয়, বরং সারা বছর স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উপায়ে পশু জবাইয়ের সুবিধা দেবে। বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে, যাতে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা যায়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, কোরবানির সময় যত্রতত্র পশু জবাই ও বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি হয়। এই স্লটার হাউসে শরিয়াহসম্মত উপায়ে পশু জবাইয়ের পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশে মাংস প্রক্রিয়াজাত করা হবে। তিনি সাধারণ মানুষকে এ সুবিধা ব্যবহারের আহ্বান জানান।
জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন মানু বলেন, এতদিন পৌর এলাকায় স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাইয়ের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এই স্লটার হাউসে পশুর স্বাস্থ্য পরীক্ষা করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে জবাই ও মাংস প্রস্তুতের ব্যবস্থা রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব বলেন, যত্রতত্র পশু জবাইয়ের ফলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের সৃষ্টি হয়। আধুনিক এ কসাইখানায় বর্জ্য ব্যবস্থাপনার সুব্যবস্থা থাকায় পরিবেশের ক্ষতি হবে না এবং জনস্বাস্থ্যও সুরক্ষিত থাকবে। তিনি প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় দেশের ১৩টি জেলায় নির্মিত স্লটার হাউস প্রকল্পের অংশ হিসেবে মুন্সীগঞ্জে এই আধুনিক কসাইখানা স্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহারে মাত্র ১০ মিনিটে একটি গরুর জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করা সম্ভব। এখানে প্রাণী গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষা, নির্ধারিত নিয়মে জবাই এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রস্তুতের সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করা হবে। ফলে নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণও উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত