মুন্সীগঞ্জের গজারিয়ায় টানা কয়েকদিনের তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। তবে সেই বৃষ্টির সঙ্গে ক্ষণে ক্ষণে বিকট শব্দে বজ্রপাত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হওয়া বৃষ্টি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। এতে গরমের তীব্রতা কমে স্বস্তি ফিরলেও বজ্রপাতের কারণে অনেককে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে দেখা যায়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বজ্রপাতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সরেজমিনে ভবেরচর বাসস্ট্যান্ড, বাউশিয়া, আলীপুরা ও নয়াকান্দিসহ উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, বৃষ্টি ও ঘনঘন বজ্রপাতের ভয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির চালক-যাত্রী এবং পথচারীরা বিভিন্ন ফিলিং স্টেশন, দোকান ও নিরাপদ স্থানে আশ্রয় নেন।
এদিকে বৃষ্টির সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় পল্লী বিদ্যুতের একটি খুঁটি ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে উপজেলার কয়েকটি গ্রামীণ সড়কে সাময়িক জলাবদ্ধতাও দেখা দেয়।
ভবেরচর বাসস্ট্যান্ডে আশ্রয় নেওয়া পথচারী সোহেল মিয়া বলেন, কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ ছিলাম। বৃষ্টি হওয়ায় স্বস্তি পেলেও বজ্রপাতের বিকট শব্দে খুব ভয় লাগছিল। তাই দ্রুত একটি রেস্টুরেন্টে গিয়ে আশ্রয় নিই।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান বলে, ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টিতে আটকা পড়ি। বজ্রপাতের কারণে রাস্তায় দাঁড়িয়ে থাকতে ভয় লাগছিল। পরে একটি দোকানে আশ্রয় নিই।
জৈনপুর পরিবহনের বাসচালক মোহাম্মদ আলী বলেন, ঢাকা থেকে গাড়ি ছাড়ার পর মেঘনা সেতু পার হতেই আকাশ অন্ধকার হয়ে যায়। এরপর যেভাবে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়, ভয়ে গাড়ি পাম্পের নিচে নিয়ে যাই। এমন শব্দ অনেকদিন শুনিনি। এ অবস্থায় গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ।
মাইক্রোবাসের যাত্রী রাশেদ মিয়া বলেন, আমরা কুমিল্লার দিকে যাচ্ছিলাম। বৃষ্টির চেয়ে বজ্রপাতের শব্দই বেশি ভয় ধরিয়ে দিয়েছে। মনে হচ্ছিল আশপাশেই কোথাও বিস্ফোরণ ঘটছে। তাই বাধ্য হয়ে পাম্পের নিচে গাড়ি থামিয়ে অপেক্ষা করছি।
আলীপুরা এলাকার একটি ফিলিং স্টেশনের কর্মচারী রুহুল আমিন বলেন, বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই একের পর এক বজ্রপাত হচ্ছিল। নিরাপত্তার স্বার্থে পাম্পের কিছু ইলেকট্রনিক সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অনেক মানুষ এখানে আশ্রয় নিয়েছেন।
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খোলা আকাশের নিচে কিংবা বড় গাছের তলায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বজ্রপাতের সময় ধাতব বস্তু ব্যবহার ও অপ্রয়োজনে বাইরে চলাফেরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল আখন্দ বলেন, বৃষ্টির সময় বাউশিয়া এলাকায় পল্লী বিদ্যুতের একটি খুঁটি মহাসড়কের ওপর ভেঙে পড়ায় উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত খুঁটিটি অপসারণ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে।