মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ক্ষুব্ধ গ্রামবাসী হামলা চালিয়ে একটি ড্রেজার ভাংচুর করেছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলার সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর কান্দা গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে একটি প্রভাবশালী মহল ড্রেজার বসিয়ে ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের গ্রাম গুলোতে নদী ভাঙনের আশঙ্কা দেখা দেয়। একই সঙ্গে গ্রাম সংলগ্ন সৈয়দপুর-সোনাকান্দা সেতু ঝুঁকির মুখে পড়েছে। এতে এদিন দুপুরে ধলেশ্বরীতে বালু উত্তোলন ঠেকাতে গ্রামবাসী ঐক্যবদ্ধ হন। পরে উত্তেজিত হয়ে একটি ড্রেজার ভাংচুর করে। গ্রামবাসীর অভিযোগ, এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে নদীর দু’পাড়ের বাসিন্দারা নিজেরাই বালু উত্তোলন বন্ধ করে দেন এবং ড্রেজার ভাংচুর করেন।
উপজেলার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদীতে বালু উত্তোলনের ঘটনায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ড্রেজারে হামলা চালায়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পারি। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেন, ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং এর আগেও পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়রা নদীভাঙনের আশঙ্কায় ক্ষিপ্ত হয়ে ড্রেজারের কিছু অংশ সরিয়ে নিয়েছে বা ভাঙচুর করেছে বলে জেনেছি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।#