গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখানে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাংবাদিক নাসির উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সমন্বয়কারী রাহিমুল করিম ও উপজেলা সমন্বয়কারী তাসলিমা খাতুন।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যপ্রণালি, মামলা নিষ্পত্তির সঠিক পদ্ধতি, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা, আইনগত কাঠামো, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে সেবা উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের ছোটখাটো বিরোধ দ্রুত, স্বচ্ছ ও স্বল্প খরচে নিষ্পত্তি করা সম্ভব, যা স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনগণের কাছে সহজলভ্য করতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
উপজেলা সমন্বয়কারী রাহিমুল করিম জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মে পর্যন্ত এ উপজেলায় মোট ৬৯৩টি মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৬৭৩টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং বর্তমানে ৩৪টি মামলা বিচারাধীন রয়েছে। এ সময়ে ক্ষতিপূরণ হিসেবে আদায় করা হয়েছে ৭১ লাখ ৯০ হাজার টাকা।
তিনি আরও জানান, ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন মেয়াদের জন্য গ্রাম আদালতকে আরও সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে এক বছরের সমন্বিত কর্মপরিকল্পনাও কর্মশালায় প্রণয়ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে সাধারণ মানুষ আদালতে না গিয়েও ছোটখাটো বিরোধের ন্যায়সঙ্গত সমাধান পাচ্ছেন। গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গ্রাম আদালতকে আরও কার্যকর, জনবান্ধব ও সহজলভ্য করতে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্প দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ জনগণের জন্য সহজ, দ্রুত ও সাশ্রয়ী বিচারসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।