মুন্সীগঞ্জের গজারিয়ায় চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, রোগবালাইয়ের কম আক্রমণ এবং বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। গত বছরের তুলনায় এ বছর ফলন যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভুট্টার বাজারমূল্যও।ফলে উৎপাদন খরচ তুলনামূলক কম হলেও লাভের মুখ দেখছেন চাষিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে উপজেলায় ৩৫২ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ইতোমধ্যে সব ভুট্টা কর্তন সম্পন্ন হয়েছে। মোট উৎপাদন হয়েছে ৩ হাজার ৬২২ দশমিক ৫ মেট্রিক টন। হেক্টরপ্রতি ফলন হয়েছে ১০ দশমিক ২৯ মেট্রিক টন। এছাড়া খরিপ-১ মৌসুমে ১ হাজার ৭৭০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে, যা এখনো কর্তন করা হয়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর, মীরেরগাঁও, ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি ও ভিটিকান্দিসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, খোলা মাঠ, গ্রামীণ সড়ক এবং বাড়ির আঙিনায় কৃষকরা ভুট্টা মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই জমি থেকে ভুট্টা উত্তোলনের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছেন।
মধ্য ভাটেরচর গ্রামের ভুট্টাচাষি দেওয়ান আশরাফ হোসেন বলেন, গত বছরের তুলনায় এ বছর ফলন অনেক ভালো হয়েছে। তিন কানি জমিতে ভুট্টা চাষ করে প্রায় ৯০ মণ ফলন পেয়েছি। বাজারদরও ভালো থাকায় লাভের আশা করছি।
একই গ্রামের বর্গাচাষি সালমা বেগম জানান, ২৪ শতাংশ জমিতে ভুট্টা চাষ করে প্রায় ২০ মণ ফলন পেয়েছেন। তিনি বলেন, ভুট্টা চাষে খরচ কম, ফলন বেশি। এ বছর দামও ভালো, তাই লাভ বেশি হবে।
নয়াকান্দি গ্রামের কৃষক সোহেল মিয়া বলেন, গত বছর পাঁচ কানি জমিতে ১০০ মণ ভুট্টা পেয়েছিলাম। এবার একই জমিতে প্রায় ১৫০ মণ ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় মাড়াই শেষে আরও ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মাঠ পর্যায়ের কৃষকরা জানান, পোল্ট্রি ও মাছের খাদ্য হিসেবে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় বাজারে এর মূল্য ভালো রয়েছে। পাশাপাশি রোগবালাইয়ের আক্রমণ কম হওয়া এবং সময়মতো সার ও কীটনাশক পাওয়ায় ফলনও আশানুরূপ হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর প্রতি মণ কাঁচা ভুট্টা ৫০০ টাকা এবং শুকনা ভুট্টা ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছিল। এ বছর কাঁচা ভুট্টা প্রতি মণ ৮০০ টাকা এবং শুকনা ভুট্টা ১ হাজার থেকে ১ হাজার ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা কৃষকদের জন্য বাড়তি প্রাপ্তি হিসেবে দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আরাফাত বিন সিদ্দিক বলেন, গজারিয়ায় ভুট্টা চাষের প্রতি কৃষকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। অনুকূল আবহাওয়া, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষি বিভাগের নিয়মিত পরামর্শের কারণে এ বছর ভুট্টার ফলন সন্তোষজনক হয়েছে। বাজারদরও ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন। ভবিষ্যতেও ভুট্টার আবাদ আরও সম্প্রসারণে কৃষি বিভাগ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।