বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান পলক অটিজম স্কুল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ করেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এতে
জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ, শিক্ষা ও দক্ষতা অর্জনের জন্য একটি সহানুভূতিশীল ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি তাদের মেধা ও সম্ভাবনার যথাযথ বিকাশে পরিবার ও রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে জেলা প্রশাসনের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মাসুদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন, পলক অটিজম স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা।