মুন্সীগঞ্জের সিরাজদীখান ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে কিছুদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র। এতে নদীর দুই পাড়ের ঘরবাড়ি, ফসলি জমি ও বসতভিটা চরম নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিআইডব্লিউটিএ থেকে পাওয়া একটি পুরোনো অনুমতির কাগজ দেখিয়ে সিরাজদীখান ও কেরানীগঞ্জের বিস্তীর্ণ এলাকায় এই ড্রেজিং কার্যক্রম পরিচালনা করছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ দুই ব্যক্তি আইয়ুব আলী ও আশকর আলী। তাদের সঙ্গে স্থানীয় কিছু রাজনৈতিক নেতার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মান্নান বলেন, আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি। তারা শুধু বলে, কাগজ যাচাই হচ্ছে। এই সুযোগে প্রভাবশালীরা দিনের পর দিন নদী ও আমাদের জমি ধ্বংস করে দিচ্ছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
সৈয়দপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা এনসিপি সমন্বয় কমিটির আহ্বায়ক আলী নেওয়াজ উজ্জ্বল বলেন, কিছুদিন ধরে ধলেশ্বরী নদীতে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন চলছে। এতে দুই পাড়ে বাড়িঘর, ফসলি জমি ও বসতভিটা চরম হুমকির মুখে পড়বে। একইসাথে সৈয়দপুর-সোনাকান্দা ব্রিজটিও হুমকির মুখে পড়বে।
নদীর দুই পাড়ের বাসিন্দারা জানান, অবৈধ বালু উত্তোলন যদি দ্রুত বন্ধ না করা হয়। তাহলে তারা বড় পরিসরে মানববন্ধন ও গণআন্দোলনের কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
এ বিষয়ে ড্রেজার ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, আমি সরকারি অনুমোদন নিয়েই বালু উত্তোলন করছি। কিন্তু কিছু লোক আমার কাছে চাঁদা দাবি করছে। আমি চাঁদা না দেওয়ায় আজ আমার ড্রেজারসহ আনুষঙ্গিক মালামাল ভাঙচুর করেছে।
তিনি আরো বলেন,আমি বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি। অথচ কিছু প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহল আমার কাজে বাধা দিচ্ছে, হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা দাবি করছি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং এর আগেও পুলিশ পাঠানো হয়েছিল। তবে যেহেতু নদীর ওই অংশটি কেরানীগঞ্জ উপজেলার সীমানায় পড়ে, তাই সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না। শুনেছি, ড্রেজার মালিকপক্ষ উচ্চ আদালত থেকে ছয় মাসের একটি রিট আদেশ নিয়েছে।#