প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
সিরাজদীখানে স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।
গতকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে স্বপ্নলোক হাউজিংয়ের সাইট অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীদের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আকর্ষণীয় আবাসন প্রকল্পের প্রলোভন দেখিয়ে স্বপ্নলোক হাউজিং কোম্পানি বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুত প্লট হস্তান্তর কিংবা প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগী শিল্পী আক্তার বলেন, প্রায় চার বছর আগে প্লট কেনার জন্য তিনি টাকা জমা দিয়েছেন। কিন্তু বারবার আশ্বাস দিলেও এখনো প্লট বুঝিয়ে দেওয়া হয়নি। পরে জানতে পারেন, কোম্পানির নিজস্ব কোনো জমিই নেই। তার দাবি, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
আরেক ভুক্তভোগী মঞ্জুরা বেগম বলেন, তার মেয়ের জামাই মোয়াজ্জেম চার বছর আগে তিনটি প্লটের জন্য বুকিং দেন। এ পর্যন্ত প্রায় ১১ লাখ টাকা পরিশোধ করা হলেও এখনো প্লট বা জমি বুঝে পাননি। তিনি অভিযোগ করেন, কোম্পানি প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. লোকমান শেখ বলেন, অন্যের জমি দেখিয়ে এলাকার অনেক নিরীহ মানুষের কাছ থেকে প্লট বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় থানাকে জানানো হয়েছে এবং আদালতেও মামলা করা হয়েছে। কিন্তু অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. লোকমান শেখ, মো. ফয়েজ, মো. দেলোয়ার হোসেন তারা মিয়া, মো. শাহ আলম, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোয়াজ্জেম শেখ, মো. বনি, মো. মিজান, শিল্পী আক্তার, মঞ্জুরা বেগম, মো. জহিরুল ইসলামসহ আরও অনেকে।
এ বিষয়ে স্বপ্নলোক হাউজিংয়ের স্বত্বাধিকারী আব্দুর রউফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তার দাবি, স্বপ্নলোক হাউজিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত