প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
সিরাজদীখানে ৩ অবৈধ আবাসন প্রকল্পের ১২টি সাইনবোর্ড অপসারণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অনুমোদনহীন তিনটি অবৈধ আবাসন প্রকল্পের ১২টি সাইনবোর্ড অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৭ জুন) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ইসলামপুর, সৈয়দপুর, নয়ানগর ও শিকারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
অভিযানে উপজেলার বিভিন্ন কৃষিজমি ও নিচু এলাকা ভরাট করে গড়ে ওঠা অনুমোদনহীন আবাসন প্রকল্প সিটি স্কয়ার হোমটাউন, স্বপ্নছায়া এবং কিং ইকো রিসোর্ট নামের তিনটি প্রতিষ্ঠানের মোট ১২টি অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ ও অপসারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন এবং সিরাজদীখান থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
স্থানীয় বাসিন্দা ও কৃষকদের দাবি, আবাসন কোম্পানির নামে নির্বিচারে ফসলি জমি ভরাটের কারণে এ অঞ্চলের কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে। প্রশাসনের কঠোর অবস্থান অবৈধ আবাসন ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে সহায়ক হবে বলে মনে করছেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই কৃষিজমি নষ্ট করে এবং সরকারি নিয়মনীতি উপেক্ষা করে এসব আবাসন প্রকল্প গড়ে তোলার চেষ্টা করা হচ্ছিল। জনস্বার্থে এবং উপজেলার উর্বর কৃষিজমি রক্ষায় অনুমোদনহীন ও অবৈধ আবাসন প্রকল্পগুলোর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত