মুন্সিগঞ্জের লৌহজংয়ে সোহেল মুন্সী (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিতেও পেট্রোল দিয়ে আগুন দেয়া হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে।
বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী কালুরগাঁও গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে ও পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে নিহত সোহেল তার বসতবাড়ির পূর্ব পাশের একাই ঘরে একাই ঘুমাতে যান।
তার স্ত্রী নুপুর বেগম কিছুদিন আগে সন্তান প্রসব করায় তিনি শাশুড়ি সেফালি বেগমের সাথে পাশের অন্য আরেকটি ঘরে ঘুমাচ্ছিলেন।
পরে গভীর রাতে বাড়ির উঠানে আকস্মিক শব্দ শুনতে পেয়ে সোহেলের মা ও স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন।
এরপর,পরিবারের লোকজন ঘর থেকে বের হতে গিয়ে দেখেন বাইরে থেকে দরজা বন্ধ করা,পরে পেছনের দরজা দিয়ে বেরিয়ে দেখেন, উঠানে সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি দাউদাউ করে আগুন জ্বলছে।
একই সময়ে উঠানের মাটিতে সোহেল মুন্সীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাত এক বা একাধিক ব্যক্তি সোহেলকে ঘুম থেকে ডেকে বসত ঘর থেকে বাহির করে আনে।
এরপর বাড়ির উঠানেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়।
এ ঘটনায় নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর কাটা জখম ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলল জানিয়েছে পুলিশ। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে,হত্যাকাণ্ড নিশ্চিত করার পর দুর্বৃত্তরা নিহতের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, নিহত সোহেল সিডার চর এলাকা থেকে ভাংগারি মালামাল এনে বিক্রি করতেন। নির্মম এমন হত্যাকাণ্ডের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে। ফলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নিহতের মা সেফালী বেগম বলেন, আমার আর কোন ছেলে মেয়ে নেই আমার একটা মাত্র সন্তানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নিহতের নূপুর বেগম বলেন, আমার বিয়ে হয়েছে মাত্র এক বছর দুই মাস হয়েছে, আমার ৪০ দিন বয়সী একটি ছেলে সন্তান রয়েছে, এখন সে কাকে বাবা ডাকবে, আমি নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় তারা জড়িত সেটা পুলিশ যাতে খুঁজে বের করে দ্রুত শাস্তির ব্যবস্থা করে আমি দাবি জানাচ্ছি। আমার সন্তানকে যারা এতিম করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
এদিকে বিষয়টি নিশ্চিত করে,মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো.কামরান হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে এবং নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
তিনি জানান,ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত শেষে নেয়া হবে আইনগত ব্যবস্থা।