মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোল্লারচরের মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণের পথে। শনিবার দুপুর সাড়ে ১২টায় উত্তর ইসলামপুর ফরাজি বাড়ির ঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে মোল্লারচর এলাকায় সেতু নির্মাণের ঘোষণা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘদিন ধরে মাত্র ১০০ মিটার সেতুর অভাবে মোল্লারচরের কয়েক হাজার মানুষ মূল শহর থেকে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করে আসছেন। শিক্ষার্থী, চাকরিজীবী ও কৃষকদের ঝুঁকি নিয়ে কাঠ ও বাঁশের সাঁকো ব্যবহার করে যাতায়াত করতে হয়।
এলাকাবাসীর অভিযোগ, বিগত সরকার ও জনপ্রতিনিধিরা বারবার সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। ফলে স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও পৌরসভার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এলাকাটি নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
স্থানীয়রা আশা করছেন, ঘোষিত সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে মোল্লারচরের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকাটি মূল শহরের সঙ্গে সরাসরি সংযুক্ত হবে।