প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
জুয়েল দেওয়ান, গজারিয়া
দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ডজনাধিক স্থানে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে।
মহাসড়কের পাশে যত্রতত্র ফেলা এসব বর্জ্য থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে যানবাহনের যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পাশাপাশি পরিবেশ দূষণ হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের আনারপুরা, বাউশিয়া, ভবেরচর, আলীপুর, ভাটেরচর ও বালুয়াকান্দি এলাকায় সড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য হোটেল-রেস্তোরাঁ। এসব প্রতিষ্ঠানের একটি বড় অংশ দৈনন্দিন উৎপাদিত বর্জ্য, হাঁস-মুরগির বিষ্ঠা এবং পচা খাদ্যাবশেষ কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই মহাসড়কের পাশের খোলা জায়গায় ফেলে দিচ্ছে। ফলে আবর্জনার স্তূপ থেকে নির্গত দুর্গন্ধ আশপাশের পরিবেশকে দূষিত করছে এবং স্থানীয় বাসিন্দা ও পরিবহনের যাত্রী এবং পথচারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে।
আরও দেখা যায়, উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার কারণে সেখানে কুকুর, বিড়াল ও বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ বেড়েছে। খাবারের উচ্ছিষ্ট খেতে গিয়ে এসব প্রাণী আবর্জনা মহাসড়কের ওপর ছড়িয়ে দিচ্ছে। পরে দ্রুতগতির যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বর্জ্য সড়কের সঙ্গে মিশে একপর্যায়ে বিষাক্ত ধুলায় পরিণত হচ্ছে। বাতাসে উড়ে যাওয়া এসব ধুলা ও ময়লা আশপাশের বসতবাড়ি, দোকানপাট এবং শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ছে।
এসময় আনারপুরা এলাকায় দেখা যায়, দুই ব্যক্তি বাঁশের সঙ্গে একটি ড্রাম বেঁধে কাঁধে করে এনে মহাসড়কের পাশে বর্জ্য ফেলছেন। বর্জ্যের উৎস সম্পর্কে জানতে চাইলে তারা জানান, এগুলো একটি হোটেলের বর্জ্য। তবে কোন হোটেল থেকে বর্জ্য আনা হয়েছে জানতে চাইলে তারা নাম বলতে অপারগতা প্রকাশ করেন।
কুমিল্লাগামী একটি পরিবহনের বাসযাত্রী আবুল কালাম বলেন, ময়লার স্তূপের কাছে এলেই তীব্র দুর্গন্ধ গাড়ির ভেতরে ঢুকে পড়ে। জায়গাটি পার হয়ে যাওয়ার পরও দীর্ঘ সময় সেই গন্ধ গাড়ির মধ্যে থেকে যায়। অনেক সময় দুর্গন্ধে ছোট শিশুরা বমিও করে ফেলে।
ভাটেরচর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, দুর্গন্ধের কারণে দোকানে থাকাই দায় হয়ে পড়েছে। নাক-মুখ চেপে চলাফেরা করতে হচ্ছে। এই অসহনীয় অবস্থা থেকে আমরা মুক্তি চাই।
উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরাও। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ মেডিকেল কর্মকর্তা খন্দকার আরশাদ কবির বলেন, মহাসড়কের পাশে বর্জ্য ফেলার কারণে সৃষ্ট দুর্গন্ধ ও পরিবেশ দূষণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এতে মশা-মাছির উপদ্রব বাড়বে এবং শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা জটিল স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।
স্থানীয়দের মতে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এমন পরিবেশ দূষণের চিত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।