মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় বসানো বিদ্যুতের প্রিপেইড মিটার এখন অনেক গ্রাহকের জন্য নতুন ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিল পরিশোধের প্রক্রিয়া সহজ করা এবং বিদ্যুতের ব্যবহার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে চালু করা এই ব্যবস্থা এখন অনেকের কাছে উল্টো উদ্বেগ ও অসন্তোষের কারণ হয়ে উঠছে।
কয়েক বছর আগে ধাপে ধাপে প্রিপেইড মিটার চালু
করার পর পুরনো ডিজিটাল বা পোস্টপেইড মিটার সরিয়ে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে বসানো হয় নতুন মিটার। এক পর্যায়ে পৌরবাসী বাঁধায় অন্যান্য এলাকায় এ কার্যক্রম বন্ধ রাখে পল্লী বিদ্যুৎ সমিতি। বর্তমানে শহরে সামান্য কিছু গ্রাহক প্রেপেইড মিটার ব্যবহার করে আর্থিক ক্ষতিসহ ভোগান্তির শিকার হচ্ছেন।
শহরের মধ্য কোটগাও এলাকার গ্রাহক নুরুন নাহার বলেন, মিটার রিচার্জ করতে গিয়ে ভুল করে তিনবার ভুল ডিজিট চাপলে মিটার সঙ্গে সঙ্গে লক হয়ে যায়। তখন বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় এবং মিটার আনলক করতে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে হয়। অনেক সময় সার্ভার সমস্যার কারণে রিচার্জ করাও সম্ভব হয় না। এতে অনেক গ্রাহককে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়।
শহরের খালইস্ট এলাকার বাসিন্দা আবু সুফিয়ান বলেন, আগে মাসে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসত। কিন্তু প্রি-পেইড মিটার বসানোর পর একই ব্যবহারে এখন প্রায় দ্বিগুণ খরচ হচ্ছে। প্রতি রিচার্জে ডিমন্ডি চার্জ কেটে নিচ্ছে সরকার। তাছাড়া বিভিন্ন ধরনের চার্জ, ভ্যাট, মিটার ভাড়া কাটা হয়। সংযোগ নেওয়ার সময় যদি ডিমান্ড পূরণ করা হয়, তাহরে রিচার্জ প্রতি ফের ডিমন্ড চার্জ কেন কাটা হয়, সেটির কোনো উত্তর মেলে না। এতে প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছেই।
অপর গ্রাহক তুলি আক্তার জানান, মাঝেমধ্যে মিটার হঠাৎ লক হয়ে যায়। তখন বাসায় ছোট বাচ্চাদের নিয়ে বড় বিপদে পড়তে হয়। বিদ্যুৎ অফিসে যোগাযোগ না করলে আবার সংযোগ চালু করা যায় না।
জগধাত্রীপাড়ার বাসিন্দা ও ব্রাক ম্যানেজার এলিনা আক্তার নামের অপর গ্রাহক জানালেন, এক হাজার টাকা রিচার্জ করার পর পুরো অর্থ ব্যালেন্সে দেখা যায় না। প্রতিবারই ২০০-৩০০ টাকা পর্যন্ত কম পাওয়ার অভিযোগ তার। এছাড়া ২০ থেকে ২০০ ডিজিট পর্যন্ত নাম্বার দেওয়া হয়, যা দেখে দেখে মিটারে লেখা মানে হয়রানির শিকার হওয়া।
এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে এবং মিটার ভাড়াসহ অন্যান্য চার্জ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়।
তাদের দাবি, প্রিপেইড মিটার ব্যবস্থায় বিদ্যুৎ ব্যবহারের ওপর গ্রাহকের নিয়ন্ত্রণ বেশি থাকে এবং বিল বকেয়ার ঝুঁকি কমে। তবে কোথাও প্রযুক্তিগত সমস্যা বা ভুল বোঝাবুঝি থাকলে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তারা।