প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি বিপ্লব মোল্লা গ্রেপ্তার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি বিপ্লব মোল্লা (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিপ্লব মোল্লা কোলা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রওশনারা বেগম ও সিদ্দিক মোল্লার ছেলে। এর আগে একই মামলায় তার মা রওশনারা কেও গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার একদিন পর শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইলিয়াস মোল্লা (৫০)। তার মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
নিহত ইলিয়াস মোল্লার স্ত্রী লিপি বেগম বাদী হয়ে শনিবার রাতে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিপ্লব মোল্লাকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখসহ আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামি রওশনারাও রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোলা পশ্চিমপাড়া এলাকার ইসহাক মোল্লাদের সঙ্গে সিদ্দিক মোল্লা, তার ছেলে বিপ্লব মোল্লা এবং স্ত্রী রওশনারার বিরোধ চলে আসছিল।
এর জেরে গত শুক্রবার সকালে সিদ্দিক মোল্লা ও রওশনারার নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ইসহাক মোল্লা ও ইলিয়াস মোল্লার ওপর হামলা চালায়। সে সময় হুইলচেয়ারে বসে নাস্তা করছিলেন ইসহাক মোল্লা (৬০)। হামলাকারীরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে ইসহাক মোল্লা ও তার ভাতিজা ইলিয়াস মোল্লা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যান ইলিয়াস মোল্লা। নিহত ইলিয়াস মোল্লা কোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইদ্রিস আলী মোল্লার ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রওশনারা ও তার স্বামী সিদ্দিক মোল্লা ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে রওশনারা পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত