“সময়মতো পৌরকর ও পানির বিল পরিশোধ করুন, পৌরসভার উন্নয়নে সহযোগিতা করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের তিন দিনব্যাপী পৌর কর মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ পৌর শিশু পার্ক সংলগ্ন অস্থায়ী পৌর ভবনে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।
পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য কর আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের নিয়মিত পৌরকর ও পানির বিল পরিশোধের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান বক্তারা।
তিন দিনব্যাপী এ মেলায় করদাতারা বিভিন্ন ধরনের কর ও পানির বিল পরিশোধের পাশাপাশি পৌরসেবা সংক্রান্ত তথ্য ও পরামর্শ গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়।
পাশাপাশি মেলায় এসে কর পরিশোধ করলে সর্বোচ্চ ১৫ শতাংশ কর মওকুফের সুবিধা দেয়া হবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন ও করদাতারা উপস্থিত ছিলেন।