প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
সিরাজদীখানে ৪৩ বছরের পুরোনো কালী মন্দিরে চুরি
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামে ৪৩ বছরের পুরোনো শ্রীশ্রী জয় মা রক্ষা কালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণ ও রুপার অলংকারসহ বাড়ির নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক সুনিল দাস জানান, ঘটনার রাতে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। এই সুযোগে চোরের দল মন্দিরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিমার পরনে থাকা স্বর্ণের টিকলি, টিপ, গলার চেইন এবং পায়ের রুপার পায়েল খুলে নেয়।
পরে দুর্বৃত্তরা বাড়ির দুটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি, শোকেস ও টিভি ট্রলির ড্রয়ার ভেঙে আনুমানিক ৮ ভরি রুপা, নগদ টাকা এবং সাংসারিক কাজে ব্যবহৃত মূল্যবান তৈজসপত্র নিয়ে যায়। তবে প্রতিমা কিংবা মন্দিরের অন্য কোনো সরঞ্জামের ক্ষতি করা হয়নি।
মন্দিরের দায়িত্বে থাকা বীরেন দাস বলেন, প্রায় ৪৩ বছর আগে পারিবারিকভাবে এই কালী মন্দির প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘদিন ধরে এখানে নিয়মিত পূজা-অর্চনা চলে আসছে এবং দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ এর সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত