প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
সিরাজদীখানে ইলিয়াস মোল্লা হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার পূর্ব কোলা গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস মোল্লা হত্যার বিচার এবং ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়ানতলী স্কুল সংলগ্ন মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর উপজেলা উপজেলার সিংপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইলিয়াস মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও দুই আসামি এখনো অধরা রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপি নেতা আক্কাস আলী, যুবনেতা হুসেইন মুহম্মদ শাহ আলম, বিএনপি নেতা ডা. শামসুদ্দিন, মিলন মোল্লা, নিহত ইলিয়াস মোল্লার স্ত্রী লিপি বেগম, জামাতা জামাল শেখ, আওলাদ শেখ, ইদ্রিস মোল্লা, আহত এসেক মোল্লা, এসেক মোল্লার স্ত্রী নিলুফা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সিরাজদীখান থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ইতোমধ্যে এ ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস মোল্লা (৫৫) মারা যান। এর আগে ১৯ জুন সকালে জমিজমা সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত