প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত বাসে আগুন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বাসটির জ্বালানি ট্যাংকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে মাওয়া এভারগ্রীন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-১৬৬৮) একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে নির্বাপণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের কারণে যাত্রীরা নিরাপদে উদ্ধার হন এবং একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত