মুন্সীগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের "বিদায় সংবর্ধনা-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. বায়েজীদ বোস্তামী। এ সময় বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং কলেজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আত্মবিশ্বাস, একাগ্রতা ও অধ্যবসায়ের সঙ্গে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়েই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের কোনো বিকল্প নেই। পাশাপাশি আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আত্মবিশ্বাস ও মনোযোগের সঙ্গে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।