প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
মৌসুমেও গজারিয়ার মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ জেলেরা.
জুয়েল দেওয়ান, গজারিয়া
ইলিশের ভরা মৌসুমেও মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে কাঙ্ক্ষিত বড় ইলিশের দেখা মিলছে না। নদীতে ধরা পড়ছে ছোট আকারের ইলিশ। ফলে সারাদিন জাল ফেলেও মাছ না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন জেলেরা।
গতকাল সোমবার দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামসংলগ্ন মেঘনা নদী এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মেঘনা নদীতে সারি সারি ইলিশ মাছ ধরার নৌকা। অনেক জেলে নৌকায় বসে জাল মেরামত করছেন, কেউ আবার অলস সময় পার করছেন।
জেলেরা জানান, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত নদীতে অবস্থান করেও আশানুরূপ মাছ মিলছে না। কেউ অল্প কিছু মাছ নিয়ে ফিরছেন, আবার কেউ প্রায় খালি হাতেই ঘাটে ফিরছেন। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অনেকেই এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন।
ভবানীপুর গ্রামের প্রবীণ জেলে আবদুল খালেক বলেন, এই সময়টায় জাল ফেললেই বড় বড় ইলিশ উঠত। কিন্তু এবার নদীতে যেন মাছই নেই। দু একটা ছোট ইলিশ ছাড়া বড় ইলিশের দেখা মিলছে না।
আরেক জেলে আব্দুল করিম বলেন, আগে একবার জাল ফেললেই যে পরিমাণ ইলিশ পাওয়া যেত, এখন কয়েকবার জাল ফেলেও তা পাওয়া যাচ্ছে না। আয় কমে যাওয়ায় সংসার চালানো খুব কষ্ট হয়ে গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ বলেন, ইলিশের চলাচল নদীর গভীরতা, জোয়ার-ভাটা এবং আবহাওয়ার ওপর অনেকাংশে নির্ভরশীল। তবে ইলিশের মৌসুম এখনো শেষ হয়নি। তিনি আশা প্রকাশ করে বলেন, আবহাওয়া ও নদীর পরিবেশ অনুকূলে এলে আগামী দিনগুলোতে মেঘনায় ইলিশের সমাগম বাড়বে এবং জেলেদের সংকট অনেকটাই কেটে যাবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত