প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
সিরাজদীখানে অনুমোদনহীন আবাসন প্রকল্পকে জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অনুমোদন ছাড়া আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাট করার অপরাধে ড্রিম গ্রীন সিটি নামের একটি আবাসন প্রকল্পকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
অভিযানে যথাযথ কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমোদন ছাড়াই ড্রিম গ্রীন সিটি দীর্ঘদিন ধরে তাদের আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার, মাঠপর্যায়ে মাটি ভরাটসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এ সময় আবাসন উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনের ২০১০-এর ২০ ধারা লঙ্ঘনের দায়ে প্রকল্পটির পরিচালক আরিফুর রহমান রিগ্যানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন জানান, অনুমোদনহীন ও অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। জনস্বার্থ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত