প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
খাল নয়, যেন সবুজ মাঠ; কচুরিপানায় ঢেকে গেছে নয়াকান্দি খাল.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নয়াকান্দি খালটি এখন আর খাল বলে চেনার উপায় নেই। কচুরিপানা এবং আগাছার কারণে খরস্রোতা খালটি আজ সবুজ মাঠের মতো দেখাচ্ছে।
মেঘনা নদীর শাখা কাজলা নদী থেকে উৎপত্তি হয়ে নয়াকান্দি গ্রাম ঘেঁষে ভবেরচর, লক্ষীপুর, হোগলাকান্দী, জষ্ঠিতলা ও ভাগাইয়াকান্দি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবার মেঘনা নদীতে মিলিত হয়েছে খালটি। একসময় এই খালকে কেন্দ্র করেই এলাকার কৃষি, মৎস্যসম্পদ, যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের বিকাশ ঘটেছিল।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের অধিকাংশ অংশ কচুরিপানা ও আগাছায় সম্পূর্ণ ঢেকে গেছে। খালের বিভিন্ন স্থানে প্লাস্টিক, পলিথিন ও গৃহস্থালির বর্জ্য জমে আছে। দীর্ঘদিন খনন ও পরিষ্কার না হওয়ায় খালটি নাব্যতা হারিয়েছে।
স্থানীয়রা জানান, মাত্র ৩০ বছর আগেও নয়াকান্দি খাল ছিল এ অঞ্চলের প্রাণ। খালের পানিপথ ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকা থেকে বড় বড় পালতোলা নৌকা ধান, পাট, আম, কাঁঠালসহ বিভিন্ন কৃষিপণ্য কিনতে আসত। ভিটিকান্দি বাজার ও ভবেরচর বাজারের বাণিজ্যিক গুরুত্বও এই খালকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। দেশীয় বিভিন্ন প্রজাতির মাছে ছিল সমৃদ্ধ খালটি। কৃষকরা সেচের কাজে এর পানি ব্যবহার করতেন।
নয়াকান্দি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, বছরের পর বছর সংস্কার ও পুনঃখনন না হওয়ায় খালটি ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। এর সঙ্গে স্থানীয় কিছু মানুষের খালে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মশা ও দুর্গন্ধের উপদ্রব বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, খালটি পুনরুদ্ধারে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, দ্রুত কচুরিপানা অপসারণ, পুনঃখনন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হলে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও পরিবেশেরও উন্নতি হবে। অন্যথায় অচিরেই নয়াকান্দি খাল মানচিত্র থেকেই হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত