বছরব্যাপী "নজরুল বর্ষ" উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্তমান সরকার ঘোষিত বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নজরুল বর্ষ'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক এবং নির্বাচিত ৭৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হন। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ প্রান্তের
জেলা প্রশাসক কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ে উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), মুন্সীগঞ্জ
জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহনাজ হীরাসহ জোটের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ে অংশগ্রহন শেষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, সাম্য, ন্যায়বিচার, দেশপ্রেম এবং সংস্কৃতিচর্চার আদর্শকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ ও চর্চার ওপর গুরুত্বারোপ করে
বক্তব্য রাখেন।
এর আগে গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ' হিসেবে ঘোষণা করেছিলেন।
বৃহস্পতিবার সেই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। তারই অংশ হিসেবে মুন্সীগঞ্জেও তিন দিনব্যাপী নজরুল বর্ষ'- উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী শুরু হয়েছে ‘নজরুল বর্ষ'-এর অনুষ্ঠান। এতে জেলাবাসীকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।