গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের । এসব গর্তের কারণে ধীরগতিতে চলছে যানবাহন ফলে সৃষ্টি হচ্ছে যানজট। সময় বাড়ার সাথে সাথে তা ছড়িয়ে পড়েছে মহাসড়কের গজারিয়া অংশেও। খবর নিয়ে জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে যানজটের সৃষ্টি হয়। যা গতকাল বৃহস্পতিবার সকালে মহাসড়কে গজারিয়া অংশের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে ছড়িয়ে পড়ে। যানজটে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী চাকুরীজীবীরা।
কলেজ ছাত্র রিফাত হোসেন বলেন, আজ আমাদের পরীক্ষা আছে। যানজটে দীর্ঘ সময় আটকে থাকলাম এখন বাধ্য হয়ে বাস থেকে নেমে হাটা শুরু করেছি। ঢাকায় বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত খোকন মিয়া বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে আমার একটি গুরত্বপূর্ণ মিটিং আছে। সকাল ৮ টার দিকে বাসা থেকে বের হয়েছি। সাড়ে ৯ টার মধ্যে আমার ঢাকার কথা কিন্তু এখন সকাল দশটা বাজে যানজটের কারণে আমি মেঘনা ব্রিজের উপর আটক আছি।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, আমাদের গজারিয়া অংশে কোন সমস্যা নেই। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের যানজট গজারিয়া অংশে ছড়িয়ে পড়েছে। আমাদের লোকজন রাস্তায় আছে, আশা করি অল্প সময়ের ভেতর যান চলাচল স্বাভাবিক হবে। নারায়নগঞ্জের কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খারাপ হওয়ায় যান চলাচলে সমস্যা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্রিজ ও রাস্তা মেরামতের জন্য বিষয়টি আমরা সড়ক ও জনপথকে জানিয়েছি। তারা কাজ শুরু করেছে পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে।