প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬
গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্য মোতায়েন.
জুয়েল দেওয়ান, গজারিয়া
দেশজুড়ে উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল গুলোতে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন।
হাসপাতালের নিরাপত্তা জোরদার, দালালচক্রের তৎপরতা নিয়ন্ত্রণ, অনিয়ম প্রতিরোধ এবং রোগীদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্য মোতায়েন রয়েছে। তারা রোগীদের সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড় করিয়ে চিকিৎসা সেবা গ্রহণে সহায়তা করছেন। এছাড়া হাসপাতালের প্রধান ফটকের বাইরে অটোরিকশা ও অন্যান্য যানবাহন জটলা করতে নিষেধ করছেন, যাতে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনের চলাচল নির্বিঘ্ন থাকে।
এদিকে আনসার সদস্যদের সক্রিয় তৎপরতায় হাসপাতাল এলাকায় শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে বলে জানান উপস্থিত রোগী ও স্বজনরা।
সংশ্লিষ্ট সুত্র জানা যায়, গেল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব পালন শুরু করেন আনসার সদস্যরা। একজন আনসার কমান্ডারের নেতৃত্বে তারা তিনটি শিফটে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে
সকালে পাঁচজন, বিকেলে দুজন এবং রাতে দুজন সদস্য দায়িত্বে থাকবেন। হাসপাতালের প্রধান প্রবেশপথ, জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ স্থানে তাদের অবস্থান থাকবে।
জানা গেছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ১ জুলাই আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় পাঁচ হাজার সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের ঘোষণা দেওয়া হয়। সেই পরিকল্পনার আওতায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের বেতন-ভাতার ব্যয় বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ (তিথী)
বলেন, প্রতিদিন বিপুল সংখ্যক রোগী হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। আনসার সদস্য মোতায়েনের ফলে হাসপাতালের নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে দালালচক্রের তৎপরতা ও বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত প্রবেশ নিয়ন্ত্রণে এটি কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত