মুন্সীগঞ্জের গজারিয়ায় ১২ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর স্থানীয় প্রভাবশালী চক্র কর্তৃক বিচারের কথা বলে জোরপূর্বক তার গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে।
উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল মরিয়া হয়ে উঠেছে বলে জানা গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা অত্যন্ত দরিদ্র এবং তার মা স্থানীয় এক প্রতিবেশীর বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। গত ৭-৮ মাস আগে মায়ের মৃত্যুর পরও কিশোরীটি ওই বাড়িতে যাতায়াত করতো। এই সুযোগে ওই বাড়ির এক ছেলে এবং পরবর্তীতে তার আরও কয়েকজন বন্ধু মিলে কিশোরীটিকে দীর্ঘ দিন ধরে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের মনে সন্দেহের দানা বাঁধে। একপর্যায়ে পরিবারের জিজ্ঞাসাবাদে কিশোরীটি জানায় যে সে প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনার সাথে স্থানীয় প্রভাবশালী চক্রের সন্তান আরাফাত, রিয়াদ, সাজিদ, সামিদ ও নিহাদ জড়িত বলে জানায় সে।
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। তবে ভুক্তভোগী পরিবারটি আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে স্থানীয় কতিপয় মাতব্বর ও প্রভাবশালী ব্যক্তি তাদের বাধা দেয়। তারা আদালতের বাইরে শালিস বৈঠকের মাধ্যমে উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়। অভিযোগ উঠেছে আইনি জটিলতা এড়াতে ও ধর্ষণের আলামত নষ্ট করার উদ্দেশ্যে ওই প্রভাবশালী মহলটি কৌশলে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরীটির জোরপূর্বক গর্ভপাত করায়।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, স্থানীয় মাতব্বরা তাদেরকে বিষয়টি মিমাংসা করে দেওয়ার কঠোর আশ্বাস দেওয়ায় এবং নিরাপত্তার কথা চিন্তা করে তারা বর্তমানে চুপ রয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরবর্তীতে বারবার চেষ্টা করা হলেও তিনি নিজে ফোন রিসিভ না করে তার স্ত্রীকে দিয়ে ফোন রিসিভ করান।
বিষয়টি সম্পর্কে ভবেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদত আলী বলেন, "বিষয়টি আমার জানা ছিল না, গণমাধ্যমকর্মীদের মাধ্যমেই প্রথম শুনলাম। আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি। ভুক্তভোগী পরিবার যদি আমাদের কাছে আসে, তবে সহযোগিতা দেওয়া হবে।"
এই বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, "বিষয়টি আমাদের জানা নেই। এখনও পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"