প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
সিরাজদীখানে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, বিমানবন্দরফেরত একই পরিবারের ৯ জন আহত
সিরাজদীখান প্রতিনিধি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াপ্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একই পরিবার।
ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ওই পরিবারের ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল রোববার (৫ জুলাই) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের আনাম কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— রহিম শেখ, সূচনা, রাসেল, রবিন শেখ (২৮), রোকসানা (২২), তানহা (১৫), পিংকি (১৪), নুসরাত (৩০) ও মো. আলী (৬০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে মালয়েশিয়াপ্রবাসীকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসযোগে টঙ্গিবাড়ী উপজেলার উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ৭টার দিকে মাইক্রোবাসটি সিরাজদীখানের ইছাপুরা ইউনিয়নের আনাম কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ট্রাকচালক আলমগীর জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনি ট্রাক নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি সরাসরি তাঁর ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন।
সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরীদি বলেন,দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে রহিম শেখ ও সূচনা নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত