মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার পাইপ ভেঙে অপসারণ করা হয়।
গতকাল সোমবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের মামুদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
অভিযানে উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মো. হায়দার মোল্লাকে অনুমোদন ছাড়াই কৃষিজমির শ্রেণি পরিবর্তনের উদ্দেশ্যে মাটি উত্তোলনের দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন বলেন, কৃষিজমির শ্রেণি পরিবর্তন বা অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক ও আইনগত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।