প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে লৌহজংয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
মো. মানিক মিয়া, লৌহজং
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার কনকসার ইউনিয়নের কনকসার গ্রামের ১/ক ইউনিটে দুলাল মীরের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে এলাকার সক্ষম দম্পতি, গর্ভবতী মা এবং স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শিমুল কুমার দে, পরিবার কল্যাণ পরিদর্শিকা রোকেয়া আক্তার এবং পরিবার কল্যাণ সহকারী শায়লা শারমিন।
আলোচনায় বক্তারা পরিকল্পিত পরিবার গঠনের গুরুত্ব, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন।
ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শিমুল কুমার দে বলেন, সুস্থ ও সচেতন পরিবার গঠনে পরিবার পরিকল্পনা কার্যক্রমের পাশাপাশি মাতৃস্বাস্থ্য, শিশুর পুষ্টি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও জানান, বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতামূলক নানা কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্ব এবং জনস্বাস্থ্য সম্পর্কে জনগণকে আরও সচেতন করে তোলাই মূল লক্ষ্য।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত