সদর থানায় কমিউনিটি পুলিশিং সভায় পুলিশ সুপার
মুন্সীগঞ্জকে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক করতে অভিযান চলছে
▪️মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ
▪️সম্মিলিত সহযোগিতা একান্ত ভাবে কামনা
▪️সামাজিক প্রতিরোধ শক্তিশালী করতে হবে
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেছেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। মুন্সীগঞ্জকে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক করতে অভিযান চলছে। পুলিশ, জনতা, জনপ্রতিনিধি ও অন্যান্য দপ্তর একসাথে কাজ করলে মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু মূলক অপরাধ নিয়ন্ত্রণ করা অনেকাংশে সহজ হবে। বুধবার মুন্সীগঞ্জ সদর থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উপরোক্ত কথা বলেন।
জেলা পুলিশের উদ্যোগে মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের সাথে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মো মেনহাজুল আলম বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না; এটি একটি জাতির ভবিষ্যতকে বিপন্ন করে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষার জন্য মাদক বিরোধী অভিযান যেমন চলবে তেমন সচেতনতা ও সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী করতে হবে।
সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিন, প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনসহ কমিউনিটি পুলিশিং সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনের ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহনের উপর গুরুত্বারোপ করেন। এর প্রেক্ষিতে পুলিশ সুপার উপরোক্ত আহবান জানিয়েছেন।