গজারিয়ায় সংসদ সদস্য কামরুজ্জামান রতন; নিজে পরিবর্তন না হয়ে অন্যকে উপদেশ দেওয়া যায় না, তেলবাজি নয়-কাজে বিশ্বাসী আমি.
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন,
নিজে পরিবর্তন না হয়ে অন্যকে উপদেশ দেওয়া যায় না। আমি নিজে কোনো নেশা করি না। আমার পরিবার ও বংশের কেউ ধূমপান পর্যন্ত করে না। তাই আমি বুক ফুলিয়ে বলতে পারি। মাদক নির্মূলে প্রয়োজনে নিজে অপরাধীর পায়ে ধরব। তবুও আমাদের সন্তানদের এই মরণব্যাধি থেকে বাঁচাতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গজারিয়া থানার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক, জুয়া, কিশোর অপরাধ,নারী ও শিশু নির্যাতন এর বিরুদ্ধে স্থানীয় জনসাধারণ এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেকে আমাকে ম্যারাডোনা বলে স্লোগান দেয়। ম্যারাডোনা তো মারা গেছে অনেক আগে, আমি তো জীবিত। এগুলো করা বন্ধ করুন। এই তেলবাজি আমাদের নেতা তারেক রহমান পছন্দ করেন না। আমি কাজ করায় বিশ্বাসী, আমিও এগুলো অপছন্দ করি। মারামারি বন্ধ করে মাদক নির্মূলে কাজ করুন।
বক্তব্যের শেষাংশে জীবনের অনিত্যতার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, দেহ খাইব পোকা, মইরা গেলেই পরিবার মরব শোকে। আর খারাপ ভাবে নেশা কইরা যদি মইরা যাও, ধিক্কার দিব লোকে। মৃত্যুর পর মানুষের ধিক্কার নয়, বরং মানুষের ভালোবাসা ও দোয়ার মধ্যেই বেঁচে থাকতে চান। তারেক রহমানের নির্দেশনায় গজারিয়াকে একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।
মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম (পিপিএম) এর সভাপতিত্ব বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ক্রাইম) মো. কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহমেদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়ার কায়সার হামিদ,
গজরিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুহাম্মদ আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক,
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা জাসাসের আহবায়ক হাসান জাহাঙ্গীর, গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য করেন, গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির হোসেন। সভা সঞ্চালনা করেন গজারিয়া থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক বিজন বাড়ৈ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি পুলিশের সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গজারিয়ায় পুলিশ সুপার মেনহাজুল আলম; মাদক নির্মূলে ঘর থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে.
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম বলেন, মাদক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে প্রতিরোধ শুরু করতে হবে ঘর, পরিবার ও পাড়া-মহল্লা থেকেই।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গজারিয়া থানার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী-শিশু নির্যাতন বিরোধী মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, দায়িত্ব গ্রহণের গত ছয় মাসে মুন্সীগঞ্জ জেলায় ৬২১টি মাদক মামলা হয়েছে এবং প্রায় এক হাজার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে একাধিকবারও গ্রেপ্তার করতে হয়েছে।
মামলার সংখ্যা বেড়েছে বলে এটি পুলিশের সাফল্য নয়; বরং সমাজে মাদকাসক্তির ভয়াবহ বিস্তারের একটি উদ্বেগজনক চিত্র।
তিনি বলেন, যেসব স্থানে অল্প পরিমাণ মাদক উদ্ধার হয় সেখানে জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাৎক্ষণিক সাজা দেওয়া হচ্ছে। একই সঙ্গে জেলা পুলিশ মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, আইনজীবী, বিচার বিভাগ, প্রশাসন ও বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মেনহাজুল আলম বলেন, বর্তমান প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করা দেশের উন্নয়ন ও ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। প্রতিটি পরিবারকে নিজেদের সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে চলাফেরা করছে এবং মাদকাসক্ত হয়ে পড়ছে কি না, সেদিকে নজর রাখতে হবে।
নারী ও শিশু নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এসব অপরাধ বৃদ্ধির পেছনে মাদকাসক্তি ও মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি বড় কারণ হিসেবে কাজ করছে।
পরিশেষে তিনি বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমেই একটি নিরাপদ গজারিয়া ও নিরাপদ মুন্সীগঞ্জ গড়ে তোলা সম্ভব।
ইউএনও আরও বলেন, কমিউনিটি পুলিশিং ও গজারিয়া থানা প্রশাসন সমন্বিতভাবে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। গজারিয়ার যেকোনো সমস্যা মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, উঠতি বয়সী সন্তানদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। তারা কীভাবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। প্রযুক্তির ইতিবাচক দিকের পাশাপাশি এর নেতিবাচক প্রভাব সম্পর্কেও সন্তানদের সচেতন করে তুলতে হবে।
বক্তব্যের শেষে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় গজারিয়াকে মাদকমুক্ত করা সম্ভব। এ লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।