প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দীর্ঘদিনের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমতলী-রঙমেহার বাইপাস সড়ক। তবে নির্মাণকাজ শুরু হওয়ার কয়েক বছর পরও প্রকল্পটি শেষ না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার কয়েক লাখ মানুষকে। স্থানীয়দের দাবি, সড়কটি চালু হলে উপজেলা সদর এলাকার যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন সড়কটির কার্পেটিং উঠিয়ে ফেলে রাখা হয়েছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। সাম্প্রতিক বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকায় সড়কটির প্রকৃত অবস্থা বোঝা কঠিন হয়ে পড়েছে। এতে চলাচলের সময় যানবাহন ও পথচারীদের দুর্ভোগ বাড়ছে।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ি শিশু পার্কসংলগ্ন বুড়ির বাড়ি হয়ে আমতলী-রঙমেহার পর্যন্ত ৫০৫ মিটার দীর্ঘ ও ৪ দশমিক ৮৮ মিটার প্রস্থের সড়কটির উন্নয়নকাজ ২০২৩ সালে শুরু হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয় ৭১ লাখ ১৯ হাজার ১৮৩ টাকা। কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এফ কে কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানের মালিক মো. ইব্রাহিম আধাম।
এলজিইডি সূত্র জানায়, সড়কটি ২০২২-২৩ অর্থবছরের প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত হয়। তবে জমি জমি সংক্রান্ত কিছু সমস্যার কারণে ২০২৩-২৪ অর্থবছরে কাজ শুরু করা হয়। শুরুতে কিছু কাজ এগোলেও পরে পুরোনো কার্পেটিং তুলে ফেলে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই বছর ধরে সড়কটি সংস্কারহীন অবস্থায় পড়ে আছে।
প্রকল্পের নির্ধারিত মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত করা হলেও ওই সময়ের মধ্যেও কাজ শেষ হয়নি।
টঙ্গীবাড়ি উপজেলায় ১৩টি ইউনিয়নের প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস। দিঘিরপাড়, যশলং, কামারখাড়া, ধীপুর, হাসাইল, সোনারং, বালিগাঁও ও আড়িয়লসহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের উপজেলা সদর, থানা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারে যাতায়াতের জন্য প্রধান সড়কের ওপরই নির্ভর করতে হয়। বিকল্প বাইপাস সড়কটি চালু না থাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা সদরে তীব্র যানজট তৈরি হচ্ছে।
যানজট এড়াতে অনেক চালককে ঝুঁকি নিয়ে ভাঙাচোরা বাইপাস সড়ক ব্যবহার করতে দেখা যায়। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবেই সড়কটির কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। দ্রুত নির্মাণকাজ শেষ হলে উপজেলা সদর এলাকার যানজট অনেকটাই কমে আসবে এবং মানুষের সময়, শ্রম ও ভোগান্তি কমবে।
টঙ্গীবাড়ি উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন রাজু বলেন, আমতলী-রঙ্গমেহার বাইপাস সড়কটি প্রথমে ১০ ফুট প্রশস্ত ছিল। পরবর্তীতে এটি ১৬ ফুটে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, শুরুতে জমি-সংক্রান্ত কিছু জটিলতার কারণে প্রকল্পের কাজ বিলম্বিত হয়। পরে ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পটি রিভাইস (সংশোধন) করার জন্য আবেদন করে। সেই প্রস্তাব ইতোমধ্যে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যে সড়কের অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটির নির্মাণকাজ শেষ করে যান চলাচলের জন্য উপযুক্ত করা হোক। তাঁদের মতে, এটি টঙ্গীবাড়ি উপজেলা সদর এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যার কার্যকর সমাধান হতে পারে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এফ কে কনস্ট্রাকশনের মালিক মো. ইব্রাহিম আধাম বলেন, “প্রকল্পটির কাজ শুরুর সময় স্লোপ (সেলভেজ) বাবদ ধরা হয়েছিল ২৭ লাখ টাকা। কিন্তু আমি মাত্র ৮ লাখ টাকার মালামাল পেয়েছি। এতে কাজ বাস্তবায়ন করতে গেলে আমার প্রায় ১৯ লাখ টাকা লোকসান হবে। এত বড় লোকসান দিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। তাই প্রকল্পটি সংশোধনের (রিভাইজ) জন্য আবেদন করেছি। আবেদন অনুমোদন হলে কাজ শুরু করা হবে।