ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে একই সঙ্গে পাঁচ যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে এক্সপ্রেসওয়েতে বেলা ১২ টা পর্যন্ত আধ-ঘন্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।
এদিকে, পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন এক্সপ্রেসওয়ে থাকা সিসি ক্যামেরায় দুর্ঘটনার সচিত্র ভিডিও ফুটেজ সাংবাদিকদের হাতে পেয়েছে। তাতে দুর্ঘটনার ভয়াবহতার চিত্র মিলেছে। একই সঙ্গে ওই ভিডিও ফুটেজে দেখা গেছে অল্পের জন্য রক্ষা পেয়েয়ে পৃথক দু’টি মোটর সাইকেলের চালক ও আরোহীরা।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শরীয়তপুরের জাজিরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গোসাইরহাট এক্সপ্রেসের অপর আরেকটি যাত্রীবাহী বাসকে। তার পেছনে ধাক্কা লাগে ইলিশ পরিবহনের আরো একটি বাসের। পরপরই ওই তিন বাসের সঙ্গে প্রাইভেটকার ও জীপ গাড়ীর সংঘর্ষ হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পৃথক তিনটি যাত্রীবাহী বাস, একটি প্রাইভেটকার ও অপর জীপ গাড়ীর মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে এক্সপ্রেসওয়ে থেকে দুর্ঘটনা কবরিত যানবাহন গুলো সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার জানান, ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মাওয়া খান বাড়ি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে থাকা আরও দু’টি বাসকে ধাক্কা দেয়। এরপরই একটি জিপ ও একটি প্রাইভেটকারের সঙ্গে বাস তিনটির সংঘর্ষ হয়। এতে পাঁচটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেছেন, দুর্ঘটনা কবলিত যানবাহন গুলো জব্দ করা হয়েছে। পাশাপাশি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ৯ওসি) জাকির হোসেন জানান, এ ঘটনায় একজন গুরুতর আহত হলেও বাকীরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। দুর্ঘটনা কবলিত যানবাহন গুলো জব্দ করা হয়েছে। তবে যানবাহনের কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।#