প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
লৌহজংয়ের প্রধান শিক্ষকদের বিক্রমপুর জাদুঘর পরিদর্শন; শিক্ষার্থীদের শিক্ষা সফরের আহ্বান
মো. মানিক মিয়া, লৌহজং-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিক্রমপুর জাদুঘর পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার দুপুরে তারা জাদুঘরে সংরক্ষিত বিক্রমপুরের হাজার বছরের ইতিহাস, প্রত্ননিদর্শন, লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও ঐতিহাসিক সংগ্রহ ঘুরে দেখেন এবং জাদুঘরের সংরক্ষণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনকালে প্রধান শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তবভিত্তিক ইতিহাস শিক্ষা নিশ্চিত করতে জাদুঘর পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষা সফর শিক্ষার্থীদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তোলে এবং তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করে।
বিক্রমপুর জাদুঘরের কিউরেটর নাছির উদ্দিন আহমেদ পরিদর্শনে আসা সকল প্রধান শিক্ষককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে জাদুঘরের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই লৌহজং উপজেলার প্রতিটি বিদ্যালয়সহ মুন্সীগঞ্জ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা সফরে জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, জাদুঘর কেবল পুরোনো নিদর্শনের সংগ্রহশালা নয়; এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার জীবন্ত দলিল। এখানে সংরক্ষিত প্রত্নসম্পদ ও ঐতিহাসিক উপকরণ শিক্ষার্থীদের পাঠ্যবিষয়কে বাস্তবতার সঙ্গে যুক্ত করে এবং গবেষণামুখী চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়তা করে।
তিনি আশা প্রকাশ করেন, বিদ্যালয়ভিত্তিক নিয়মিত শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা বিক্রমপুরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে এবং নিজেদের শিকড় ও সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে সচেতন হয়ে উঠবে। ইতিহাস সংরক্ষণ ও ঐতিহ্যচর্চায় শিক্ষক সমাজের এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত