প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
সিরাজদীখানে প্রাথমিক বৃত্তিতে ১৩৯ শিক্ষার্থী, ট্যালেন্টপুলে ৬৪
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৬৪ জন এবং সাধারণ গ্রেডে ৭৫ জনসহ মোট ১৩৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
গতকাল রোববার (১২ জুলাই) প্রাথমিক শিক্ষা বোর্ড এ ফলাফল প্রকাশ করে।
ফলাফল প্রকাশের পর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। কোথাও কোথাও মিষ্টিমুখ করানোসহ আনন্দ-উৎসবের আয়োজন করা হয়। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৭টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুলসহ মোট ১৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৩২২ জন শিক্ষার্থীর মধ্যে ৬৫৩ জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৬৪ জন ট্যালেন্টপুল এবং ৭৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
উপজেলার ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে মোট ১৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৮ জন ট্যালেন্টপুল এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তালুকদার বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এবার উপজেলার ফলাফল সন্তোষজনক হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জন তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার গুণগত মান আরও উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত