প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
টানা বর্ষণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে গর্ত, দুর্ঘটনার শঙ্কা.
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
চলতি বর্ষা মৌসুমে টানা বর্ষণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশজুড়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে যানবাহন চলাচলে স্বাভাবিক গতি ব্যাহত হওয়াসহ দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী একাধিক চালক-যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের ভবেরচর ইউনিয়নের আলীপুরা এলাকায় একটি সেতুর এক্সপ্যানশন জয়েন্টে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া পাশের আরেকটি সেতুর মাঝামাঝি অংশে পূর্বে মেরামতের জন্য বসানো লোহার পাত ঢিলে হয়ে গেছে। ফলে ওই দুটি সেতু পার হওয়ার সময় চালকদের অত্যন্ত ধীরগতিতে যানবাহন চালাতে হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এ ছাড়া মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটারজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। টানা বৃষ্টির কারণে এসব গর্ত পানিতে তলিয়ে থাকায় চালকদের পক্ষে আগে থেকে সেগুলো শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
মহাসড়কে চলাচলকারী কয়েকজন চালক ও স্থানীয় বাসিন্দা জানান, ব্যস্ততম এই মহাসড়কের দুটি সেতুর ক্ষতিগ্রস্ত অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত মেরামত না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে কোনো সতর্কতা মূলক সাইনবোর্ড বা অস্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আলামত পাওয়া যায়নি।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান বলেন, টানা বৃষ্টির কারণে এমনটি হতে পারে। আমরা সংশ্লিষ্ট স্থানে কর্মকর্তা পাঠিয়ে প্রয়োজনীয় মেরামত কাজ দ্রুত সম্পন্ন করবো।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত