প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
সিরাজদীখানে মিশুকচালকের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, ট্রাকচালক গ্রেপ্তার
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া এক মিশুকচালকের মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার তদন্তে দুর্ঘটনায় জড়িত ডাম্প ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার (১৩ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রাম থেকে ডাম্প ট্রাকচালক ইয়াসিন শেখকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার খিদিরপুর গ্রামের মজিবর শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই বিকেল ৩টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দক্ষিণ লতব্দী গ্রামে হাফেজ ফজলুল হক চেয়ারম্যানের ফ্যাক্টরির সামনে পাকা সড়কের পাশ থেকে নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের একটি পা ভাঙা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নিহত নুরুল ইসলাম উপজেলার বাসাইল ইউনিয়নের চর গুলগুলিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি পেশায় একজন মিশুকচালক ছিলেন। এ ঘটনায় তাঁর ভাই কফিল উদ্দিন বাদী হয়ে রোববার (১২ জুলাই) রাতে সিরাজদীখান থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে নুরুল ইসলাম তাঁর মিশুক নিয়ে কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া আন্ডারপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ট্রাকচালক তাঁকে হাসপাতালে নেওয়ার কথা বলে ট্রাকে তুলে নিলেও পরে দক্ষিণ লতব্দী গ্রামে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার পর সিরাজদীখান থানা পুলিশ নিহতের ব্যবহৃত মিশুকটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় সংরক্ষণ করে এবং তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ, আশপাশের সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সোমবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া এলাকা থেকে ডাম্প ট্রাকচালক ইয়াসিন শেখকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে লতব্দী ইউনিয়নের ইকো সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে থেকে দুর্ঘটনায় ব্যবহৃত ডাম্প ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ দ্রুত তদন্ত পরিচালনা করেছে। অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে এবং দুর্ঘটনায় ব্যবহৃত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত