শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নবগঠিত এডহক কমিটি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। সোমবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত সভায় এডহক কমিটির সভাপতি মো. আমির হোসেন খান, সাধারণ শিক্ষক সদস্য মো. আওলাদ হোসেন, অভিভাবক সদস্য সজল বেপারী এবং সদস্যসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান মোল্লাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় তুলে ধরা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী মো. ইলিয়াস বেপারী, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোবারক আলী মাদবর, শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবকেরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন-সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী গত ৬ জুলাই ২০২৬ তারিখে বিদ্যালয়টির এডহক কমিটি ছয় মাসের জন্য অনুমোদন পায়।