প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
সিরাজদীখানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পশ্চিম চান্দেরচর গ্রামের লেক্কু মার্কেট সংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই কার্যালয়ের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে একটি সিঙ্গার কোম্পানির স্মার্ট টেলিভিশন, একটি টেবিল, আটটি চেয়ার, একটি দেয়াল ফ্যান এবং দলীয় গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কারা জড়িত, তা পুলিশ তদন্ত করে দেখছে।
বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল লতিফ বলেন, প্রায় এক মাস আগে একই কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল। তবে সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনাটি তাকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত