দৈনিক মুন্সীগঞ্জের সময়- সংবাদ প্রকাশের পর
মশক নিধন ও রোগ প্রতিরোধে পৌর এলাকায় চলছে ওষুধ স্প্রে
▪️জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণাও চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ
▪️পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদেরও এগিয়ে আসার আহবান পৌর প্রশাসকের
গত ১৬ জুলাই বৃহস্পতিবার দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার শেষের পাতায় প্রধান শিরোনাম ছিল " মুন্সীগঞ্জ পৌরসভায় বেড়েছে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা "। প্রচার সংখ্যায় শীর্ষে থাকা জেলাভিত্তিক দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদটি জেলা প্রশাসনসহ পৌর কর্তৃপক্ষের নজরে পড়লে মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহাবুব তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের পৌর এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, গত ১৬ জুলাই সংবাদ প্রকাশ হওয়ার পর ১৭ জুলাই থেকে পৌর এলাকার ইদ্রাকপুর এলাকার সব গলির উভয় পাশ, গোয়ালপাড়া, শ্রীপল্লী, জগধাত্রীপাড়া, প্রেসক্লাব, জুবলী রোডএবং পৌর মার্কেটের পেছনের এলাকায় মশার ওষুধ স্প্রে করা হয়।
১৮ জুলাই শনিবার ডিসি অফিস এলাকা, জজ কোর্ট এলাকা, সার্কিট হাউস এলাকা, জেলা পরিষদ, এলজিইডি অফিস,জেলা নির্বাচন অফিস এবং আশপাশের এলাকায় মশার ওষুধ স্প্রে করা হয়।
কার্যক্রমের অংশ হিসেবে ১৯ জুলাই রোববার গণকপাড়া মোড় থেকে বটতলা অনির্বাণ হয়ে বাদশা কাউন্সিলরের বাড়ি পর্যন্ত উভয় পাশের এলাকা, গণকপাড়া এলাকা, কাজীপাড়া এলাকা এবং স্বপন কাউন্সিলরের বাড়ি পর্যন্ত উভয় পাশের এলাকা, উত্তর ইসলামপুরের বড় বাবু শহীদ সাহেবের এলাকায় মশার ওষুধ স্প্রে করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে চলছে জোরালো মশক নিধন কার্যক্রম। পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে নিয়মিত ফগিং এবং লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। মশা নিধনে এ কার্যক্রম পরিচালনার জন্য এলাকা ভাগ করে প্রতিদিন কাজ পরিচালনা করা হচ্ছে।
তারা আরও জানান, শুধু ওষুধ স্প্রে ও ফগিং নয়, মশক নিধনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে। এ সময় পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদেরও বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে পৌরসভা প্রশাসক মৌসুমী মাহাবুব।
মশা নিধন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ একাধিক শহরবাসী বলেছেন, মশার আয়ুকাল তিন দিন। তাই মশা নিধন করতে হলে পরপর তিনদিন ধারাবাহিক ভাবে ওষুধ স্প্রে করলে নতুন করে মশা জন্ম হবে না। একদিন ওষুধ স্প্রে করার পর ধারাবাহিকতা না থাকলে ছিটানো ওষুধ কোনো কাজেই আসবে না। তাদের ভাষ্য, এই বিভাগে যেসব কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন, তাদেরও এ বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। মশা নিধন কার্যক্রম অভিজ্ঞতা না থাকলে তাদের কাজও সঠিক হবে না। কেনমা, অনেকেই জানেন না, মশার আয়ুকাল কতোদিন।
এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব গণমাধ্যমকে জানান, "জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে ডেঙ্গুমুক্ত, নিরাপদ মুন্সীগঞ্জ গড়ে তুলতে।" পৌরসভার পক্ষ থেকে মশা নিধন কার্যক্রম চলমান রয়েছে।