দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাসিনা সরকার যখন মরিয়া হয়ে ওঠে, তখন থেকেই শুরু হয় বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাস নাগাদ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, আমাকে বাধ্য হয়ে ঘর ছাড়তে হয়। প্রতিদিন পুলিশের ধরপাকড় চলছিল; হুমায়ন, ভিপি শাহীন, ভিপি শাহরিয়ার, কাউয়ূম ভাই, মোশারফ ভাই, গুলজার ভাই, তপন ভাই, সাইদসহ অসংখ্য নেতাকর্মীকে কারাবন্দি করা হয়। পুলিশের প্রধান লক্ষ্য ছিলাম আমি, কারণ যুবদলকে রাজপথে সক্রিয় রাখা এবং একের পর এক মশাল মিছিলসহ কঠোর কর্মসূচি পালনের নেপথ্যে আমিই ছিলাম। আমাকে জীবিত অথবা মৃত গ্রেপ্তারের নির্দেশ ছিল পুলিশের ওপর। মৃত্যুর ভয় যে ছিল না, তা নয়; কিন্তু জয়ের নেশায় সব ভয়কে তুচ্ছ করে রাজপথে নেমে যেতাম। হয়তো বিএনপির মতো বিশাল দলে এত এত বুদ্ধিমানের ভিড়ে আমি নেহাতই বোকা ছিলাম!
৭ জানুয়ারির সেই কলঙ্কিত নির্বাচনের পর আমি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলাম। আমার সাথে তখন ফেরারী সঙ্গী ছিল সোহাগ (সদর যুবদলের সদস্য সচিব), রায়হান কবীর (শহর যুবদলের সদস্য সচিব) এবং অনিক (কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক)। আসন্ন ভয়াবহ অনিশ্চয়তা আমাদের ভেঙে চুরমার করে দিচ্ছিল। কিছুদিন পর আমি বাড়ি ফিরি। উত্তর ইসলামপুর দিয়ে আসার সময় একজনের সাথে দেখা হয়; তার কথাগুলো যেন বুলেটের মতো আমাকে ক্ষতবিক্ষত করেছিল। সে বলেছিল, "কেন যে এই দলের জন্য জীবনটা নষ্ট করলা! এই দল জীবনে আর ক্ষমতায় আসবে না। আমি পরিস্থিতি বুঝে ওদের সাথে মিশে গেছি, সুযোগ হলে ওয়ার্ড আওয়ামী লীগে ঢুকে যাব। তোমার জন্য খারাপ লাগে, নিজের ভবিষ্যৎটা নষ্ট করলা।" সেই ব্যক্তি এখন এমপি সাহেবের ডান হাত হয়ে দাপিয়ে বেড়ায়। তার কথা ভেবে এখনো লজ্জা পাই—সত্যিই লজ্জা
২০২৪ সালের জুলাইয়ের সেই উত্তাল দিনের কিছু কথা না বললেই নয়। মুন্সীগঞ্জে ৪ আগষ্ট ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলেছিল সে আন্দোলনকে সংগঠিত করতে বিএনপি নেতা মহিউদ্দিন আহম্মেদের বিশেষ ভূমিকা ছিল। তিনি আমাকে বলেছিলেন "ছাত্রদের পক্ষে কিছু করা উচিত।কিছু করার থাকলে কর যা কিছু লাগবে আমাকে বলবি"
প্রথমদিকে সত্যি কথা বলতে আমার কোন আগ্রহ ছিলো না। কেননা মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। ৭ জানুয়ারিতে আওয়ামীলীগ আরো একটি ভোটারবিহীন নির্বাচন করে ফেলা, আন্দোলনে সফলতা আনতে না পারা, মামলার পর মামলার জালে প্যাচিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবনায় হতাশাগ্রস্ত হয়ে পরেছিলাম।যেন যুদ্ধে ব্যর্থ পরাজিত এক সৈনিকের মত আমিও বিধ্বস্ত প্রায়। এসময় নতুন কোন ঝামেলায় নিজেকে জড়ানোর ইচ্ছে ছিলো না।
কিন্তু আবু সাইদকে যেভাবে হত্যা করা হলো নিরিহ ছাত্রদের যেভাবে রক্তাক্ত করা হচ্ছিল তা দেখে বুকে রক্তক্ষরণ হচ্ছিল। মুন্সীগঞ্জে ছাত্ররা যখন আন্দোলনে নামলো তখন ৩টি মামলার আসামি করা হলো আমাকে। আমার ভাগ্নি ডা.রুচিতার একটা স্ট্যাটাস ছাত্রদের পক্ষে কাজ করায় বেশী উদ্বুদ্ধ করেছিল। এরপর থেকে আমি পুরো আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, কিভাবে ছিলাম, কিভাবে করেছি, ভূমিকা কি ছিল সে বিষয়ে না ই বা বললাম। তবে যারা জানার তারা জানে, আমি এর কৃতিত্বও কখনো দাবী করিনি।তবে এই বিষয়ে বিএনপি নেতা মহিউদ্দিন ভাই সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন আপডেট নিয়েছেন। বিএনপি নেতা কাজী আবু সুফিয়ান বিপ্লব ভাইও অবগত ছিলেন এই বিষয়ে।
৩ আগষ্ট আমি আমার নিজের ফেইসবুকে সময়, তারিখ, দিয়ে পোষ্ট করেছিলাম সকল শ্রেণী পেশার মানুষদের উপস্থিত হবার জন্য।আমার ফেইসবুক ওয়ালে এখনো আছে সেই পোষ্টটি। ৪ আগষ্ট আমি শাহরিয়ার, মহিউদ্দিন ভাই, বুরজাহান ভাই যখন পিটি আইয়ের দিকে যাচ্ছিলাম তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা মা-বোনরা কেউ ব্যাগ ভর্তি ইট বা লাঠি এগিয়ে নিয়ে এসে বলছে খালি হাতে যাইও না, লাঠি নিয়া যাও বাবারা।যখন মূল সড়কের দিকে যাই তখন ছাত্ররা আমাদের দেখে উজ্জীবিত হয়েছিল এবং উত্তেজিত হয়ে বলছিল অস্ত্র দেন, অস্ত্র কই দেন ভাই ওদের আজকা শেষ কইরা দিমু। আমাদের চুপ থাকতে দেখে বলেছিল বালের নেতা অস্ত্র নাই মাল নাই। আমরা ওদের অবস্থা বুঝেছিলাম।আমি চেয়েছিলাম ওদের সবাইকে ভিতরে নিয়ে এসে এই সাংঘর্ষিক অবস্থা থেকে ফিরাতে। কারন যেভাবে ছাত্রলীগের ওরা গুলি করছিল তাতে আরো অনেক নিহত হওয়াটা অস্বাভাবিক ছিল না।তাই ওদের বুঝাতে চেয়েও পারিনি। সবাই যেন মরতে প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল। পরদিন ৫ আগষ্টে হাসিনার পতন না হতো তবে হত্যা মামলার পরিকল্পনাকারি হিসেবে আমাকে অন্যতম আসামি করার প্রস্তুতিও তারা নিয়েছিল।
৪ আগষ্ট রাতেই আমি রায়হান, নূরহোসেন ভাই, অনিক, সোহাগ নদীতে একটি জাহাজে যেয়ে ছিলাম।ভোরে জাহাজটি সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়।আমাদেরও যেহেতু ফেরার সুযোগ ছিল না তাই সে জাহাজের গন্তব্যকেই আমাদের গন্তব্য মেনে নিয়েছিলাম।এর মধ্যে জানলাম রায়হানের আর অনিকের দোকান লুট করা হয়েছে জেনে দুজনেই কাঁদছিল, অন্যদিকে নূর হোসেন ভাই ছিলেন ভীষন অসুস্থ, পেটের ব্যথা সাথে প্রসাবের সাথে রক্ত যাচ্ছিল।চিকিৎসা করাবো তার কোন সুযোগ নেই, তিনি প্রচন্ড ব্যথায় চিৎকার করছিলেন। কিছুক্ষন পরে আরেকটি দুঃসংবাদে মন ব্যথায় পাথর হয়ে গেল।আমাদের মীরিকাদিম পৌর ছাত্রদলের শারিক ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরন করেছে।গতকালকেই বলেছিল আমাকে ফোনে "ভাই আমি কাল ঢাকায় রাজপথে থাকবো।দোয়া কইরেন।আর মেয়র শাহীন আমাকে যেখানে পাবে মেরে ফেলবে বলেছে, একটু দেইখেন ভাই" এটাই শেষ কথা ছিল। কতটা কঠিন আমি এমন পরিস্থিতিতে নির্বাক হয়ে শুধু আকাশের দিকে চেয়েছিলাম।
দুপুরের পর আমরা ভৈরবের কাছাকাছি তখন শুনতে পেলাম হাসিনার পতন হতে যাচ্ছে।সেনা প্রধান ভাষন দিবেন।বুঝতে বাকি রইলা না হাসিনা বিদায়। ৫ আগষ্ট শেখ হাসিনার পতন হলো।মুক্ত বাতাসে প্রান ভরে নি:শ্বাস নিলাম।মনে হচ্ছিল এবার আমি স্বাধীন।স্পীড বোডে করে আমরা ফিরলাম মুন্সীগঞ্জে তখন প্রায় সন্ধ্যা হবে হবে।নদী থেকেই দেখছিলাম এই শহরপোড়া ধোয়ায় আকাশ কালো হয়ে যাচ্ছে।হাসিনা তো নেই তবে কেন আজ পুড়বে এই শহর।এখন সব গড়ার দিন, আর পুড়বেনা কিছুই।কিন্তু শহরে এসেই দেখি ধ্বংসখেলায় বিধ্বস্ত এই শহর।কিন্তু এমন কি হবার কথা ছিল!
কিছুদিন পর মুন্সীগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষনা দেয়া হলো-মিজানুর রহমান সিনহা আহবায়ক ও মহিউদ্দিন ভাই সদস্য সচিব। সবাই সে সময় ভেবেছিল কামরুজ্জামান রতন ভাই নিশ্চিত সভাপতি হচ্ছেন, মহিউদ্দিন ভাই হয়ত নিশ্চিত নন। কিন্তু ঘটনা ঘটেছিল উলটো মহিউদ্দিন ভাই সদস্য সচিব হলেন কিন্তু কামরুজ্জামান রতন ভাই কমিটিতে ছিলেন না।আমরা যা ভাবি সব সময় তা ঘটে না বরং অনেক সময় ভাবনার উল্টোটাও ঘটে।
যেমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত এগুচ্ছিল ততই মহিউদ্দিন ভাই না কামরুজ্জামান রতন ভাই কে মনোনয়ন পেতে যাচ্ছে তা নিয়েই নানা গুঞ্জন চলছিল। সে সময়েও খুব কম মানুষই ছিল রতন ভাইয়ের পক্ষে। অন্যদিকে বেশীর ভাগ নেতাকর্মীরাই ছিলেন মহিউদ্দিন ভাইয়ের পক্ষে।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ মহিউদ্দিন ও কামরুজ্জামান রতন ভাইয়ের মধ্যে শুরু হয় মনোনয়ন প্রতিযোগিতা কেন্দ্রীয় প্রভাব বনাম তৃণমূলের জনপ্রিয়তা।সে সময় পর্দার আড়ালে ঘটে যাওয়া অনেক ঘটনাই সবার অজানা। তখন যা দেখেছি, যা ঘটেছিল.....চলবে...।
➖ লেখক- মোহাম্মদ মাসুদ রানা, জাতীয়তাবাদী যুবদল মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব।