প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
গজারিয়ায় শিল্পপ্রতিষ্ঠান মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় শিল্পপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ, শ্রমিক কল্যাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে শিল্পপ্রতিষ্ঠান মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা, উপজেলা এলজিইডির প্রকৌশলী সামিউল আরেফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান, এনএনএম ব্রিক ফিল্ডের ব্যবস্থাপক নাজমুন নাহার বেবীসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও উম্মে হাফসা নাদিয়া বলেন, শিল্পপ্রতিষ্ঠান পরিচালনায় ভূমির আইনগত বৈধতা নিশ্চিত করতে হবে। কৃষি জমিতে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা হলে তা যথাযথ প্রক্রিয়ায় অকৃষি জমিতে রূপান্তর করে নির্ধারিত খাজনা পরিশোধ করতে হবে। ভূমি-সংক্রান্ত কোনো জটিলতা থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধান করতে হবে। ভূমির কাগজপত্র সঠিক থাকলে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন গ্রহণ সহজ হবে। অন্যথায় ভবিষ্যতে আইনি জটিলতার মুখোমুখি হতে হতে পারে।
ইউএনও বলেন, শিল্পপ্রতিষ্ঠান গুলোর মধ্যে দক্ষ জনবল নিয়ে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা পরিহার করতে হবে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সচল রাখা, পরিবেশ আইন ও শ্রম আইন মেনে চলা, শিশু শ্রম বন্ধ এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ইউএনও জানান, উপজেলা প্রশাসন পর্যায়ক্রমে শিল্পপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, কর পরিশোধ এবং অন্যান্য আইনগত বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত