দেশের সর্বোচ্চ আর্সেনিক দূষণযুক্ত জেলা ১০টি
মুন্সীগঞ্জের অবস্থান দ্বিতীয়, আর্সেনিকের মাত্রা ৮৩ ভাগ!
▪️জেলাবাসীকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষার দাবী
সারাদেশের মধ্যে সর্বোচ্চ আর্সেনিক দূষণযুক্ত ১০টি জেলার মধ্যে মুন্সীগঞ্জ দ্বিতীয় অবস্থানে। জেলায় আর্সেনিক মাত্রা ৮৩ ভাগ সনাক্ত করা হয়েছে। আর পাশের জেলা চাঁদপুর ৯০ ভাগ, মাদারীপুর ৬৯ ভাগ, শরিয়তপুর ও কুমিল্লা ৬৫ ভাগ। এই পরিস্থিতিতে মুন্সীগঞ্জ জেলাজুড়ে আর্সেনিকের এক ভয়ংকর চিত্র উঠে এসেছে। তার চেয়ে বেশি শঙ্কার বিষয় নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়ার পরও অনেক পরিবার এখনো লাল চিহ্নিত নলকূপের পানি পান করছে। সাম্প্রতিক সময়ে জেলায় ৩৯ হাজার ৮৯৯টি নলকূপে আর্সেনিক শনাক্ত করা হয়েছে বলে মুন্সীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৮৮৪টি টিউবওয়েল পরীক্ষা করে শতকরা ৮৩ ভাগ নলকূপ আর্সেনিকযুক্ত পাওয়া গেছে। আরও ৫০ হাজার টিউবওয়েলের পরীক্ষার কাজ চলমান রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, জেলায় ১ লাখ ১৯ হাজার ৯৮৫টি আর্সেনিকমুক্ত টিউবওয়েল সবুজ চিহ্নিত করা হয়েছে। এখানে বেসরকারি নলকূপই বেশি । জেলায় সরকারি ৩৮ হাজার ২৬৭টি নলকূপ রয়েছে। এর মধ্যে চালু ৩৭ হাজার ৮৮৩ নলকূপ। আর সরকারি অকেজো নলকূপের সংখ্যা ৩শ ৮৪টি। এর মধ্যে সরকারি অগভীর মোট ১৪ হাজার ৬৩টির মধ্যে অকেজো ২৯৫টি, গভীর নলকূপ সাবমারসিবল সরকারি ২১ হাজার ৭৫৩টি নলকূপের মধ্যে অকেজো ৫৯টি। অগভীর সরকারি ১৩ নলকূপের সবগুলোই অকেজো। তবে সরকারি তারা গভীর সাবমারসিবল ২ হাজার ৪০৬টির সবই সচল। কিন্তু ৩২টি সরকারি রিংওয়েল টিউবওয়েলের সবই অকেজো।
সরকারি হিসাব মতে, মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৫৩৯ নলকূপে আর্সেনিক চিহ্নিত করা হয়েছে। গজারিয়া উপজেলায় ৫ হাজার ২০৯টি নলকূপে আর্সেনিক। টঙ্গীবাড়ি উপজেলায় ৫ হাজার ৬শ ৭২ নলকূপে আর্সেনিক ধরা পড়েছে। লৌহজংয়ে ১০ হাজার ৭৯৩ নলকূপে আর্সেনিক চিহ্নিত হয়েছে। শ্রীনগর উপজেলায় সবচেয়ে বেশি ১১ হাজার ৯শ ৮৭ নলকূপে এবং সিরাজদীখানে ৪ হাজার ৭ শ নলকূপে আর্সেনিক ধরা পড়েছে। ২০১৯ সাল থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত করা জরিপে এই ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, অনেক নলকূপেই আর্সেনিক পাওয়া যাচ্ছে। অগভীর প্রায় সব টিউবওয়েলেই আর্সেনিক। আর এখন পানিস্তর নিচে নেমে যাওয়ায়ও সমস্যা তৈরি হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা জানান, দীর্ঘ সময় ধরে আর্সেনিকযুক্ত পানি পান করলে আর্সেনিকোসিস রোগ দেখা দেয়। মাত্রাতিরিক্ত আর্সেনিক মিশ্রিত পানি পানের কারণে হাত ও পায়ের তালুতে ছোট ছোট শক্ত গুটির মতো দেখা দিতে পারে। গায়ের চামড়া মোটা ও খসখসে হয়ে যায়। চামড়া, মূত্রথলি ও ফুসফুসে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। কিডনি ও লিভার অকেজো হওয়ার মতো ঘটনা ঘটতে পারে।
মুন্সীগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান জানান, জেলার নলকূপগুলোতে ভয়াবহ রকমের আর্সেনিক সনাক্ত হওয়ার পর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আরও বড় ধরনের তৎপরতা প্রয়োজন। তাই জেলাবাসীকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষার দাবি জানান তিনি।