প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
সিরাজদীখানে কেমিস্ট ছাড়াই প্রসাধনী তৈরির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় কেমিস্ট ছাড়াই বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে নিম্নমানের প্রসাধনী সামগ্রী তৈরির দায়ে ফ্যান্সি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কোটগাঁও গ্রামে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে প্রতিষ্ঠানে কোনো কেমিস্ট ছাড়াই বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব ও আফটার শেভসহ বিভিন্ন ধরনের প্রসাধনী প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া উৎপাদিত পণ্যের কোনো গুণগত মান পরীক্ষা বা ল্যাব টেস্ট ছাড়াই বাজারজাতের প্রস্তুতি চলছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজার আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত অভিজ্ঞ কেমিস্ট নিয়োগ, পণ্যের মান পরীক্ষা নিশ্চিত এবং প্রয়োজনীয় বিধি-বিধান অনুসরণ করে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি পরিদর্শক শাহ আলম মিয়া এবং সিরাজদীখান থানা পুলিশের একটি দল।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, কেমিস্ট ছাড়া ক্ষতিকর রাসায়নিক দিয়ে প্রসাধনী তৈরি মানুষের ত্বক ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভোক্তা অধিকার ক্ষুণ্ন করে এমন সব অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত