প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
সিরাজদীখানে সেলাই মেশিন, শিক্ষা উপকরণ ও মৎস্য খামারিদের আধুনিক সরঞ্জাম বিতরণ
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়নমূলক উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (বিশেষ) এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়) এর আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে উপকরণ তুলে দেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করতে ৩২টি সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৩৪ জোড়া বেঞ্চ ও ১৮ সেট রিং-চাকতি (স্যানিটেশন), এবং মৎস্য খামারিদের জন্য ৫টি এরেটর ও প্রদর্শনী খামারের প্রয়োজনীয় মাছের খাবার।
সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, মৎস্য খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল্লাহ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো সাধারণ ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন। প্রান্তিক জনগোষ্ঠীর হাতে সরাসরি সহায়তার সুফল পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সহায়তা নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী ও টেকসই হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত