মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার পুর্বপাড়া এলাকার গৃহবধূ মিতু বেগমকে (৩২) নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত মিরকাদিম পৌরসভার জনগনের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ করে। এতে নিহত মিতুর বাবা মো. মন্টু মিয়া, মা আকলিমা বেগম ও নিহতের তিন সন্তান মারজানা, মারজিয়া ও আবিদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মো. মাসুদ, মো. শহীদুলসহ অর্ধশতাধিক নারী-পুরুষ।
মানববন্ধনে নিহত মিতুর স্বজনরা দ্রুত তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবী করেন। তারা বলেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
এসময় বক্তারা অভিযুক্ত স্বামী সুমন মিয়া, লিংকন, আকাশ ও রমজানের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। তারা বলেন, একজন গৃহবধুকে এভাবে কুপিয়ে হত্যা করার পরও যদি ন্যায়বিচার না হয়, তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম কেমন করে সমাজে বড় মানুষ হয়ে উঠবে।
প্রসঙ্গত: গত ১৬ মে দিবাগত রাত ২ টার দিকে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী মিতু বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে স্বামী সুমন মিয়া। পরে সে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে।#